বান্দরবান প্রতিনিধি:বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ব্যাটালিয়নের অধীন তিন্দু এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ১৮ একর জমিতে চাষ করা পপি গাছ ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানচি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী দুর্গম তিন্দু এলাকায় বিজিবি ও সেনাবাহিনীর একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক ১৮ একর পাহাড়ি জমিতে অবৈধভাবে চাষ করা পপি গাছ শনাক্ত করা হয়।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকাজুড়ে অভিযান চালিয়ে পপি গাছগুলো উপড়ে ফেলে ধ্বংস করে দেয়। এসব পপি গাছ থেকে মাদকদ্রব্য উৎপাদনের আশঙ্কা ছিল বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।বিজিবি সূত্রে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চাষ ও পাচার রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি এলাকাকে ব্যবহার করে একটি চক্র গোপনে এসব পপি চাষ করে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর এ অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।





